বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ করে প্রাণ হারালেন ফরিদ মিয়া

অনলাইন ডেস্ক।।
কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরবাইক চালানোর প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন মো. ফরিদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. আবু তাহের জানান, পার্শ্ববর্তী বাড়ির রুহুল আমিনের কলেজপড়ুয়া ছেলে হাবিবউল্লাহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে সোমবার সকালে মো. ফরিদ মিয়া মোটরবাইক চালক হাবিবউল্লাহর পিতা রুহুল আমিনের কাছে জানাতে যান। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন।

একপর্যায়ে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ফরিদ মিয়া। তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।