কালকিনিতে প্রেমিকার বাড়িতে এসে প্রেমিকের আত্নহত্যার হুমকি, প্রেমিক আটক

সঞ্জয় সরকার, কালকিনি (মাদারীপুর)।।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে প্রেমিকার বাড়িতে এসে হৃদয় কর(২৫) নামে এক প্রেমিক বিষপান করে আত্নহত্যার হুমকি দিয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী ওই প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আটকৃত ওই যুবক গৌরনদী উপজেলার বারতি এলাকার রনজিৎ করের ছেলে।

থানা পুলিশ জানায়, হৃদয় করের সঙ্গে কালকিনি উপজেলার ডাসার এলাকার পশ্চিম দর্শনা গ্রামের এক কিশোরীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর সুত্র ধরে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে হৃদয় কর তার প্রেমিকার বাড়িতে এসে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেয়। তার এ প্রস্তাব ওই কিশোরী মেনে না নেয়ায় হৃদয় কর বিষপান করে আত্নহত্যা করার হুমকি দেয়। এ বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী হৃদয়কে আটক করে ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে থানা পুলিশ তাকে মাদারীপুর আদালতে প্রেরন করেন।

এ ব্যাপারে উপজেলার থানার ওসি হাসানুজ্জামান বলেন, বাড়িতে গিয়ে হৃদয় আত্নহত্যার হুমকি দেয়ায় এলাকাবাসি তাকে পুলিশে সোপর্দ করেছে।