শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক।।
হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বুধবার (১৭ ফেব্রুয়ারি) তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাকে হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জমানের স্ত্রী স্ত্রী রুনি জামান। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ। সেটা বমি ও শ্বাসকষ্টজনিত সমস্য। আজ হুট করে তা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করি।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন বলে জানান রুনী জামান। তিনি এটিএম শামসুজ্জামানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ অসুস্থ হন এ টি এম শামসুজ্জামান। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের তৃতীয় তলায় তার চিকিৎসাসেবা চলে।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।

অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।