বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

অনলাইন ডেস্ক॥
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওবায়দুল কবির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোলদার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওবায়দুল কবির মোটরসাইকেলযোগে বরিশালের আগৈলঝাড়া থেকে তার বাড়ি আমতলী যাবার পথে বাকেরগঞ্জ উপজেলার গোলদার বাড়ি নামক স্থান অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত ওবায়দুল কবির আমতলী থানার বেতমোর গ্রামের আজিজ তালুকদারের পুত্র। তিনি আগৈলঝাড়া থানায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।