বরগুনায় ধর্ষণচেষ্টা: কিশোরের হাতে কামড় দিয়ে রক্ষা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
পাখির বাসা দেখাতে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বরগুনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বরগুনা সদরের হেউলীবুনিয়া এলাকা থেকে দুই কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে সদর উপজেলার হেউলীবুনিয়া এলাকার সজল (১৩) ও মেহেদী (১৪) নামের দুজন কিশোর একই এলাকায় ১১ বছরের এক মেয়ে শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় একজন এর দৃশ্য মুঠোফোনে ধারণ করে। পরে একপর্যায়ে শিশুটি একজনের হাত কামড়ে দৌড়ে বাড়িতে আসে।

এ ঘটনার পর স্থানীয়রা শনিবার সকালে ওই কিশোরদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোরকে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।

এসময় শিশুটির মা বলেন, পাখির বাসা দেখাতে তার মেয়েকে দুপুরে ওই দুই কিশোর ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়িতে এসে তার মেয়ে ধর্ষণচেষ্টার বিষয়টি তাকে জানায়।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের এসপি মেহেদি হাসান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।