ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ খুন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে ইসমাইল চৌকিদার (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ভাতিজা সহ নয় জনকে আসামী করে মামলা হয়েছে। রবিবার রাতে (২১ ফেব্রুয়ারী) ৬ জন নামীয় এবং তিন জনকে অঞ্জাত আসামী করে নিহতের ছেলে মনিরুজ্জামান মনির বাদী হয়ে ইন্দুরকানী থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে ভাতিজারা এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (২০ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বালিপাড়া গ্রামের মৃত আদেল চৌকিদারের ছেলে মোঃ ইসমাইল চৌকিদার (৫৫) ও তার ছেলে ফিরোজ চৌকিদার (২৫)কে নিয়ে রামচন্দ্রপুর এলাকার দেবীপুরে তার শ^শুর বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে ওৎপেতে থাকা ইসমাইল চৌকিদারের ভাতিজা সাইফুল চৌকিদার ও শহীদ চৌকিদারের নেতৃত্বে শহীদের ছেলে সোহেল ও জুয়েল সহ ৮ থেকে ৯ জন লোক তাদেরকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং ইট দিয়ে থেথলিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯ কল দেয়। ফোন পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসাপাতালে এবং অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল চৌকিদার শনিবার রাত ৪টায় মারা যান। এ ছাড়া গুরুতর আহত ছেলে ফিরোজ চৌকিদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইসমাইল চৌকিদারের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আহত ফিরোজ চৌকিদার জানান, চাচাতো ভাইদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধীয় সম্পত্তিতে আমার চাচাতো ভাইয়েরা সাইফুল চৌকিদার ও শহীদ চৌকিদার ঘর তুলতে গেলে আমার পিতা আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করেন। তাই তারা এ বিষয়ে ক্ষিপ্ত ছিল আমাদের উপর। গত শনিবার রাতে আমি ও আমার পিতা আমার নানা বাড়ি যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে আমার চাচাতো ভাই সাইফুল চৌকিদার, শহীদ চৌকিদার, জুয়েল চৌকিদার ও সোহেল চৌকিদার সহ ৮/৯ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, শনিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পিতা ও পুত্র হামলার শিকার হন। পরে তাদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল চৌকিদার নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার রাতে নিহতের ছেলে বাদি হয়ে থানায় নয় জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামীদের গ্রেপ্তারের চেস্টা চলছে।