বরিশাল নগরীর বাকলার মোড় দ্বিতল ভবনে অগ্নিকান্ড

রূপালী ডেস্ক॥
বরিশাল নগরীর বাকলার মোড় এলাকায় এক ব্যাবসায়ীর দ্বিতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ভবনের দ্বিতীয় তলায় থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, বাকলার মোড় সংলগ্ন নতুন বাকলা এলাকার জুলফিকার আলী ভূট্রোর দ্বিতল ভবনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ঘটনার সময় ওই ফ্লাটটিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হাসান আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানানো যাবে।