কুকুরের জন্য ভালোবাসা, থানায় জিডি

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় ইভান(২৫) নামের এক যুবকের একটি কুকুর হারিয়ে যাওয়ার পরে তিনি তার সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন। শুধু তাই নয় তিনি হারিয়ে যাওয়া কুকুরটির সন্ধান দাতাকে এক হাজার টাকা পুরুস্কার দেওয়ার ঘোষণাও এ যুবকের।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তালতলী থানায় কুকুরটির মালিক ইভান সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর থেকে কুকুরটি সন্ধানে কাজ করছে পুলিশ।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার লালুপাড়া এলাকায় তিন মাস আগ থেকে স্থানীয় ভাবে একটি দেশীয় কুকুর পালন শুরু করেন আবদুল্লাহ আল ইভান(২৫)। গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে হারিয়ে যায় তার কুকুরটি। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কুকুরটিকে না পেয়ে অবেশেষ তিনি থানায় জিডি করেন।

আবদুল্লাহ আল ইভান বলেন, আমার পোষাপ্রানী কুকুরটি হারিয়ে গেছে। কুকুরটির বয়স হয়েছে তিন মাস। গায়ের রং হলুদ-সাদা মিশ্রিত। ওজন হবে প্রায় ৮ কেজির উপরে। অনেক খোঁজখুজি করেও কুকুরটি পাওয়া যায়নি তাই সন্ধান পেতে থানায় জিডি করেছি। কুকুরটি সন্ধান দিতে পারলে তাকে এক হাজার টাকা পুরুস্কৃত করা হবে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, যে কোনও পোষা প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী সাধারণ মানুষ জিডি করতে পারেন। আর পুলিশের দায়িত্ব সেটিকে খুঁজে দেওয়া। থানা পুলিশ সে কুকুরটির সন্ধানে ইতিমধ্যে কাজ করছে।