তাহিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীর স্বপ্নের দোকান আগুনে পুড়ে ছাই

তাহিরপুর প্রতিনিধি, সুনামগঞ্জ।।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী তোষা মিয়ার স্বপ্নের মুদি দোকান আগুনে পুড়ে ছারখার হয়ে।বুধবার (২৪ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন গোলাবাড়ি গ্রামের মৃত মুক্তার আলী ছেলে তোষা মিয়ার মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক দৃষ্টি প্রতিবন্ধী তোষা মিয়া সারাদিন নিজ দোকানে বেচাকেনা শেষে আনুমানিক সাড়ে ১১টার দিকে দোকানের পাশ্ববর্তী বসত ঘরে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তিনি আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্রের শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বাড়ির লোকজন সহ ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও দোকানটি অক্ষত রাখতে সম্ভব হয়নি।

জানা যায়, তোষা মিয়া জন্মের কয়েক বছর পড়েই তার চোখের সমস্যা। সে দুটি চোখে কিছুই দেখতে পায় না। দৃষ্টি প্রতিবন্ধী তোষা মিয়া কিশোর বয়সেই হাঁস-মুরগি লালন পালন করে এবং ভাই বোন ও প্রতিবেশীদের সহযোগিতায় কিছু টাকা সংগ্রহ করে মুদির ব্যবসা শুরু করেন। রাতারাতি ভালো দোকানি হিসাবে গ্রামে তার সুনাম ছড়ালো। গত ১০বছর পূর্বে সে বিয়ে করে। তার সহধর্মিণীও এক মানসিক প্রতিবন্ধী। তাদের রয়েছে ফুটফুটে একটি ছেলে সন্তান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! তার সেই ছেলেটিরও দুটি চোখের আলো দিনের পর দিন নিভে যাচ্ছে।তারপরেও এই দৃষ্টি প্রতিবন্ধী তোষা মিয়া জীবন যুদ্ধে থেমে নেই। ভিক্ষা করে নয়, যুদ্ধ করে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ভয়ানক এই অগ্নিকান্ডে ধূলিসাৎ হয়ে গেলো তার সব স্বপ্ন, জীবন যুদ্ধ তার এখানেই থেমে গেছে।

দৃষ্টি প্রতিবন্ধী তোষা মিয়া কান্নায় জর্জরিত হয়ে বলেন, জন্মের কয়েক বছর পর থেকেই পৃথিবীর আলো দেখা হতে বঞ্চিত আমি। আমার সহধর্মিণীও একজন মানসিক প্রতিবন্ধী। আল্লাহ আমাদের ঔরসে একটি ছেলে সন্তান দান করেন। কিন্তু সেই ছেলেটিও দিনদিন চোখে আলো হারিয়ে ফেলছে। এরই মধ্যে আমার জীবন প্রতিষ্ঠার একমাত্র সম্বল দোকানটি আগুনে পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বিষয়টি আমি শুনেছি৷ আমি আমার ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সাহায্য করবো এবং সরকারি ভাবেও সহযোগিতা করা হবে।