বিনা নোটিশে বন্ধ দৈনিক কর্ণফুলী

গণমাধ্যম ডেস্ক।।
কোনো নোটিশ ছাড়াই চট্টগ্রামের দৈনিক কর্ণফুলী পত্রিকার প্রকাশনা বন্ধ রাখায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ। তারা এ ঘটনাকে কর্মরত সংবাদকর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে কর্তৃপক্ষের কূটকৌশল বলে মন্তব্য করেছেন।

এক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘করোনা মহামারির এ কঠিন সময়ে কর্ণফুলীতে কর্মরত সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে সোমবার থেকে কর্ণফুলী কর্তৃপক্ষ আকস্মিকভাবে বিনা নোটিশে পত্রিকার প্রকাশনা বন্ধ রাখে। যা সম্পূর্ণ অনাকাঙ্খিত ও নিন্দনীয়। কর্তৃপক্ষের এ ধরনের হঠকারী সিদ্ধান্তের ফলে পত্রিকাটিতে কর্মরত সংবাদকর্মীরা পেশাগত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।’

সিইউজে নেতারা অবিলম্বে পত্রিকার প্রকাশনা চালু করা এবং আলোচনার মাধ্যমে সংবাদকর্মীদের ন্যায্য পাওনা পরিশোধসহ সকল সমস্যা সমাধানের জন্য দৈনিক কর্ণফুলী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।