যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের আশঙ্কার কথা জানালেন চীনা জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য চীনকে অবশ্যই সামরিক ব্যয় প্রস্তুত রাখতে হবে। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) দুই সদস্য এ মন্তব্য করেছেন। বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক জাতীয় আইনি অধিবেশনে তারা একথা বলেছেন। এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথা স্বীকার করা হলো। সাধারণত এমন আশঙ্কার কথা স্বীকার করা হয় না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন সিএমসির ভাইস চেয়ারম্যান ও চীনের উর্দি পরা শীর্ষ সামরিক কর্মকর্তা জু কিলিয়াং বলেছেন, ক্রমবর্ধমান ও পরাশক্তিদের অনিবার্য দ্বন্দ্ব মোকাবিলায় থুসিডাইডিস ফাঁদের জন্য চীনকে প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, থুসিডাইডিস ফাঁদ ও সীমান্তের বিশৃঙ্খলা মোকাবিলায় নিজেদের সামর্থ্য বৃদ্ধির উদ্যোগ বাড়াতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভ্যন্তরীণ ঐক্য ও মিলন এবং সার্বিক অগ্রগতি। এটি শক্তিশালী হলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা থাকবে।

সীমান্তে বিশৃঙ্খলা বলতে এখানে হয়তো গত বছর ভারতের সঙ্গে কথা চীনের রক্তাক্ত সংঘর্ষের কথা ইঙ্গিত করা হয়েছে। এছাড়া দক্ষিণ ও পূর্ব চীন সাগরের ভূখণ্ডগত বিরোধের কথাও বলা হয়ে থাকতে পারে।

সিএমসির সদস্য ও চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে পৃথকভাবে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের মূল সুর হবে সংবরণ ও পাল্টা সংবরণ।