যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত-২

অনলাইন ডেস্ক।।
যশোরের অভয়নগর উপজেলায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালক এবং এক শ্রমিক মারা গেছেন। শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মশরহাটী এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন শহিদুল ইসলাম (৪২)। তার বাড়ি অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামে। অজ্ঞাত অপরজন (৪০) কয়লা শ্রমিক ছিলেন। এসময় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। তাদের মধ্যে গুরুতর অবস্থায় চার জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সবাই শ্রমিক। তারা জাহাজ থেকে কয়লা তীরে নামানোর কাজ করেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে শ্রমিকদের নিয়ে একটি ইজিবাইক উপজেলার ভাঙাগেট এলাকা থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আরেকটি পরিবহনকে পাশ কাটাতে গিয়ে ইজিবাইককে টেনে ১০ থেকে ১২ হাত দূরে নিয়ে যায়। এতে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আহত হন ইজিবাইক চালক এবং ছয় শ্রমিক। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এবং নওয়াপাড়া হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান বলেন, দুর্ঘটনার পর সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এরমধ্যে দুইজন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে গুরুতর চারজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত অপরজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহমুদ আলম বলেন, বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।