নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মহিন উদ্দিন বাবু (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পশ্চিম এওজবালিয়া গ্রামের মন্নাছ মেম্বার বাড়ির মহিন উদ্দিন বাবু কয়েকদিন আগে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন।ওই ছবিতে তার হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তার গতিবিধি নজদারিতে রাখা হয়। এর ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি ও একটি কার্তুজসহ তাকে আটক করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।