ভোগান্তির অপর নাম ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু!

অনলাইন ডেস্ক।।
জাহাজমারা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক ও পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের ভরসা ১০০ ফুট লম্বা একটি বাঁশের সেতু। রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূঁইয়াকান্দা গ্রামে চর-বগলা হারির খালের ওপর এই সেতুর অবস্থান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামবাসীদের উদ্যোগে প্রায় ২৫ বছর আগে ১০০ ফুটের একটি বাঁশের সেতু তৈরি করা হয়। এতে গ্রামবাসীর কিছুটা দুর্ভোগ লাগব হলেও জনপ্রতিনিদের দৃষ্টি না থাকায় প্রতিবছর নিজেদের অর্থায়নে সেতুটি সংস্কার করছেন তারা। বর্তমানে নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। বিকল্প পথ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আশপাশের কয়েক গ্রামের বাসিন্দা ও পর্যটকরা সেতুটি ব্যবহার করছে।

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে গ্রামের মানুষ এই সেতু দিয়া চলাচল করেন। রাতের বেলা টর্চ লাইটের আলোয় পা টিপ টিপ করে চলাচল করে। ভয়ের বিষয় হলো সেতুটি পাড় হতে গিয়ে অনেকেই পড়ে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে চলাচল করতে হয়। এ অবস্থায় শিগগিরই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মৌডুবী মুখরবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ভাঙাচোরা সেতু পাড় হয়ে আমাদের স্কুলে যেতে হয়। সেতু পাড় হয়ে স্কুলে যাওয়ার সময় আমি ও সহপাঠীরা অনেকবার পানিতে পড়ে গেছি। নরবড়ে সেতু পাড় হতে আমাদের ভয়ও করে। এখানে একটা ব্রিজ জরুরি দরকার।

মৌডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ব্রিজের বিষয়টি উপস্থাপন করা হবে এবং যাতে দ্রুত জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ করা হয় সেজন্য সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।