মঠবাড়িয়ায় মামলা করেও পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার-থানায় জিডি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মামলা করেও পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। গত দু‘মাসের বেশী সময় ধরে বাড়ি-ঘরে উঠতে না পেরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় আশ্রয় নিয়েছে ৪ সদস্য বিশিষ্ট ওই অসহায় পরিবারটি। ৯৯৯-এ কল করার পর দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আসামীর স্বজনরা মামলা প্রত্যাহারে হুমকি অব্যহত রেখেছে। এ ঘটনায় শনিবার (১৩ মার্চ) রাতে মিনারা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। মিনারা বেগম উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের জালাল মৃধার স্ত্রী।

মিনারা বেগম জানান, তার স্বামীর সাথে ভাষুর আফজাল মৃধার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ১৮ জানুয়ারি নির্ধারিত শালিশ ব্যবস্থায় অফজাল মৃধা হেরে যাবে ভেবে সকাল ৬ টার দিয়ে আমাদের পরিবারের ওপর মধ্যযুগিয় হামলা চালায়। এসময় আমার ছোট মেয়ে ৯৯৯-এ কল করলে মঠবাড়িয়া থানার পুলিশ এসে আফজাল মৃধাকে হাতে-নাতে আটক করলেও তার অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। আমি ওই দিন অফজাল মৃধাসহ অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করি। অফজাল মৃধা জেল-হাজতে থাকায় তার ছেলে ও সহযোগিরা মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।