ভারতের খেলা বাতিল না হলে আত্মহত্যার হুমকি!

স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বিরাট কোহলির নেতৃত্বধীন ভারতীয় দল। কিন্তু টেস্ট সিরিজ ভালোয় ভালোয় শেষ হলেও টি-টোয়েন্টি সিরিজ সম্পন্ন করা নিয়ে শঙ্কিত আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলা শেষ হতেই সিরিজ বন্ধের দাবি তুলেছেন ভারতীয়রা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের একাধিক জায়গায় লকডাউন দিয়েছে প্রশাসন।

লকডাউনের মধ্যে ভারত-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ বন্ধ না হলে আত্মহত্যার হুমকি দিয়ে গুজরাটের পুলিশকে ফোন করেছেন এক ব্যক্তি।

ওই ব্যক্তির এমন হুমকিতে গুজরাটের আহমেদাবাদে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কিত বিসিসিআই।

পুলিশ সূত্রে জানা যায়, আহমেদাবাদ শহরের চাঁদকেডা থানায় গান্ধীনগরের পঙ্কজ প্যাটেলের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তিনিই সিনিয়র পুলিশ অফিসার কেভি প্যাটেলকে ১২ মার্চ ফোন করে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজ বাতিল না করা হলে আত্মহত্যার হুমকি দেন।

পুলিশ অফিসার বলেন, পঙ্কজ হুমকি দিয়ে বলেছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ বাতিল না হলে সে আত্মহত্যা করবে। শুধু তাই নয়, করোনা প্রতিরোধে ব্যর্থ হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালাগাল দেয় সে। সূত্র-ইন্ডিয়ান এক্সপ্রেস।