জন্মই যার করোনার অ্যান্টিবডি সঙ্গে নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এর আগে এমন কোনও শিশুর কথা জানা যায়নি, যে জন্মই নিয়েছে করোনাভাইরাসের অ্যান্টিবডি নিয়ে। সেই হিসেবে করোনার অ্যান্টিবডি নিয়ে বিশ্বে এই প্রথম কোন শিশুর জন্ম হলো।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক নারী গর্ভাবস্থায় করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। মাঝবয়সী ওই নারী সম্প্রতি মা হয়েছেন। তার কোলে আসা শিশুটির শরীরে করোনার অ্যান্টিবডি পেয়েছেন চিকিৎসকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনলাইন প্রতিবেদন অনুযায়ী যে দুই চিকিৎসক অ্যান্টিবডির উপস্থিতি পেয়েছেন, তারা এ নিয়ে অপ্রকাশিত এক নিবন্ধে এসব তথ্যগুলো তুলে ধরেছেন। নিবন্ধটি প্রকাশিত হওয়ার পর পিয়ার রিভিউ হলে বিষয়টির স্বীকৃতি মিলবে।

ডা. পল গিলবার্ট ও শাদ রুডনিক জানিয়েছেন, ওই মা যুক্তরাষ্ট্রের একজন স্বাস্থ্যকর্মী। গত জানুয়ারিতে তিনি মার্কিন কোম্পানি মডার্নার তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তখন ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এর তিন সপ্তাহ পর ওই নারী ‘সুস্থ ও সবল’ এক কন্যাসন্তানের জন্ম দেন। দুই চিকিৎসক তাদের নিবন্ধে বলেছেন, সন্তানপ্রসবের সময় গবেষকরা নবজাতকের নাভির রক্ত পরীক্ষা করে সেখানে করোনাভাইরাসের অ্যান্টিবডি পান।

ডা. গিলবার্ট বলেছেন, ‘আমাদের জানা মতে বিশ্বে এমন ঘটনা এটাই প্রথম। এই প্রথম করোনার টিকা নেওয়া কোনও মায়ের থেকে তার শিশুর দেহে মহামারি করোনাভাইরাসের অ্যান্টিবডির সন্ধান মিললো। মায়ের কাছ থেকে অ্যান্টিবডি পেয়েছে কিনা তা দেখতেই আমরা শিশুটির রক্ত পরীক্ষা করে দেখেছিলাম।’

মায়ের টিকা নেওয়ার মাধ্যমে এসব অ্যন্টিবডির দ্বারা নবজাতকরা সুরক্ষিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দুই চিকিৎসক আরও গবেষণা করার আহ্বান জানিয়েছেন। অন্তঃসত্ত্বা এবং সদ্য মা হওয়া নারী ও তাদের সন্তানদের ক্ষেত্রে করোনা টিকার কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে কাজ করতে অন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।