মৌসুমি রোগে পরিণত হবে করোনা?

আন্তর্জাতিক ডেস্ক।।
দীর্ঘমেয়াদে টিকে থাকতে সক্ষম হলে কোভিড ১৯ (সার্স-কোভ-২)ভাইরাস একসময় মৌসুমি রোগে পরিণত হবে বলে ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতিসংঘের বিশেষায়িত এক সংস্থার অধীনে পরিচালিত গবেষণার ভিত্তিতে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কেবল আবহাওয়াগত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে এই গবেষণা করা হয়েছে। সে কারণে এর ওপর ভিত্তি করে কোনোভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ অথবা বিধিনিষেধ শিথিল করা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক পর্যালোচনা করতে সম্প্রতি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড মিটিওরলজিক্যাল অর্গানাইজেশন ১৬ সদস্যের এক গবেষণা দল তৈরি করেছিল। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে এই ভাইরাসের সংক্রমণ বাড়া-কমার সম্পর্ক আছে কি না; তা খতিয়ে দেখার পর গবেষকরা তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন পর্যালোচনা করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে জাতিসংঘ। তারা বলেছে, ‘এই ভাইরাসটি ঘিরে এখনও বেশ কিছু রহস্য থেকে গেছে। এর একটি হলো আবহাওয়াজনিত পরিস্থিতি বা বাতাসের প্রকৃতি এই ভাইরাস সংক্রমণে কতখানি প্রভাব ফেলে।’

‘জাতিসংঘের অনুসন্ধানী কমিটি এরইমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে শরৎ থেকে শীতকাল পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা দেখা গেছে, গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলোর তুলনায় শীতপ্রধান অঞ্চলে এই ভাইরাসের বংশবিস্তারের হার বেশি।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে জাতিসংঘ সিদ্ধান্তে উপনীত হয়েছে, যদি এই ভাইরাসটি দীর্ঘমেয়াদে বিশ্বে টিকে থাকে, ভবিষ্যতে এটি সাধারণ মৌসুমি রোগে পরিণত হবে।’

তবে এই তথ্য অনুসরণ করে বিভিন্ন দেশের জনগণ যেন করোনা বিধিনিষেধ মেনে চলতে ঢিলেঢালা মনোভাব না দেখায়, সে বিষয়েও সতর্ক করেছে জাতিসংঘ। তারা স্পষ্ট করে বলেছে, কেবল আবহাওয়াগত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ‘সার্স-কভ-২ ভাইরাসের (করোনাভাইরাস) সংক্রমণ ও বংশ-বিস্তার সম্পর্কে বিশদভাবে জানাই ছিল এই গবেষণার উদ্দেশ্য। এ কারণে বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে এই তত্ত্ব অনুসরণ করে করোনা বিধিনিষেধ শিথিল না করার আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। পাশাপাশি সংক্রমণের বিস্তার রোধে বিভিন্ন দেশের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, জনগণকে সেগুলো মেনে চলার আহ্বানও জানানো হচ্ছে।’