বরিশাল নগরীর আবাসিক হোটেলে যুবক খুন

রূপালী ডেস্ক।।
বরিশাল নগরীর নথুল্লাবাদের শরিফ হোটেলে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, আজ শনিবার (২০ মার্চ) সকাল ১০ টায় উজিরপুর উপজেলার মাহার গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে আল-আমিন তার প্রেমিকার সাথে দেখা করতে শরিফ হোটেলের ৪র্থ তলার ২০৮ নং রুমে ওঠে। রুমে ওঠার কিছুক্ষণ পরেই গলায় ফাঁস দিয়েছেন বলে জানান আল-আমিনের প্রেমিকা।

মৃত্যুর খবর শুনে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে সিআইডি ও এয়ারপোর্ট থানা পুলিশ এসে আল-আমিনের লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে থাকা বটতলার টোকাই মানিক, কসাই সুজন, পারভেজ, বিএম কলেজ এলাকার রাব্বি ও আল-আমিনের প্রেমিকা ছদ্মনাম সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

এ বিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, হত্যা না আত্মহত্যা এ বিষয়ে তদন্ত চলছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আমাদের হেফাজতে নিয়েছি।’