বেনজেমা ঝলকে বার্সাকে ছাড়িয়ে গেল রিয়াল

স্পোর্টস ডেস্ক।।
করিম বেনজেমা তার বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়েই চলেছেন। মাঝে চোটে পড়েছিলেন। চোট কাটিয়ে ফেরার পর যেন আরও দুর্দান্ত হয়ে উঠেছেন ফরাসি এই স্ট্রাইকার। শনিবার (২০ মার্চ) রাতে তার নৈপুণ্যেই সেল্টা ভিগোর মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

এতে করে লা লিগার পয়েন্ট তালিকায় তারা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল এখন দুই নম্বরে। তিনে নেমে যাওয়া বার্সার এক ম্যাচ কম খেলে পয়েন্ট ৫৯। ৬৩ পয়েন্টে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। অর্থাৎ শিরোপা লড়াইটা এখন একদম উম্মুক্ত হয়ে গেল।

ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের পাস থেকে ডি বক্স ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। ১০ মিনিট পর আরও এক গোল ফরাসি তারকার। এবার প্রতিপক্ষ বিপদসীমার একটু সামনে রেনাতো তাপিয়ার দুই পায়ের মাঝ দিয়ে পাস বাড়ান ক্রুস, বাঁ পায়ের শটে আসরে নিজের ১৭তম গোলটি করেন বেনজেমা।

প্রথমার্ধেই অবশ্য লড়াইয়ে ফিরেছিল সেল্টা। ৪০ মিনিটে বাঁ দিক থেকে দেনিস সুয়ারেসের ক্রসে দারুণ এক হেডে গোলটি করেন সান্তা মিনা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমতাও ফেরাতে পারতো স্বাগতিকরা। কিন্তু ৮২তম মিনিটে আসপাসের দারুণ ফ্রি-কিক আটকে যায় পোস্টে।

রিয়াল আর ঝুঁকি নেয়নি। এরপর বল বেশিরভাগ সময় নিজেদের দখলে রেখে সুযোগ খুঁজেছে জিনেদিন জিদানের দল। সেই সুযোগটা চলে আসে ম্যাচের একদম অন্তিম মুহূর্তে। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন আসেনসিও।

এই গোলেও অবদান ছিল বেনজেমার। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে গোল করার মতো অবস্থানে থাকলেও তিনি হ্যাটট্রিকের চিন্তা না করে বলটি দিয়ে দেন বদলি হিসেবে নামা আসেনসিওকে। আলতো টোকায় সেই সুযোগটি নষ্ট করেননি স্প্যানিশ উইঙ্গার।