জন্মদিনে ভক্তদের চমকে দিলেন রানী

বিনোদন ডেস্ক।।
তিনি বলিউডের রানী। জয় করেছেন কোটি কোটি ভক্তের মন। নব্বই দশকে শাহরুখ, সালমান, আমিরসহ সমসাময়িক সব স্টার-সুপারস্টারদের বিপরীতে সাফল্য পেয়েছেন। সৌন্দর্য, প্রাণ দোলানো হাসি আর চমৎকার অভিনয় দিয়ে হয়ে উঠেছেন নিজেও একজন সুপারস্টার।

আজকাল আর অভিনয়ে নিয়মিত নন। তাই সোশাল মিডিয়ায় প্রায়ই তাকে অভিনয়ে দেখতে চেয়ে অনুরোধ করেন ভক্তরা।

এবার অভিনয়ে ফেরার সুখবর নিয়েই হাজির হলেন তিনি। নিজের ৪৩তম জন্মদিনে এই সুখবরটি ভক্তদের জন্য উপহার হিসেবে দিলেন রানী মুখার্জি।

আজ রোববার (২১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ফিচার ড্রামা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নামের একটি সিনেমাতে দেখা যাবে রানীকে। শিগগিরই এ সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শুরু হবে কাজ।

গতকাল ২০ মার্চ একটি ইনস্টাগ্রামে রানী জানিয়েছিলেন, জন্মদিনে (২১ মার্চ) পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন। সেই অনুযায়ী তিনি জানান, ‘জন্মদিন উদযাপনে এই দারুণ সিনেমার ঘোষণা দেয়ার চেয়ে ভালো আর কোনো আনুষ্ঠানিকতা হতে পারে না।

আমি ২৫ বছর ধরে অভিনয় করছি। সম্ভবত আমার কর্মজীবনের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি।’

সিনেমায় রানীকে মুখার্জি প্রধান চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন আশিমা হিব্বার এবং জি স্টুডিও ও এমি এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে। এর গল্পের বিষয়াট গোপন রাখা হয়েছে। তবে বেশ কিছু গণমাধ্যমের বরাতে জানা গেল, গল্পটি ২০১১ সালের এক ভারতীয় দম্পতির সত্য কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হবে।