সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক।।
বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, আজও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার (২১ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খবর বাসসের

বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সভাপতিত্ব করেন।

সবাইকে ঐক্যবব্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র আজও থেমে নেই। বাংলার বাতাসে এখনও ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে। এই ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। আজ সরকার হটানো ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে আমাদের তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এটাই হোক বঙ্গবন্ধুর জন্মদিনে আজকে আমাদের শপথ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুজিব এমন একটি নাম যা স্বমহিমায় প্রতিষ্ঠিত। তার নাম মুছে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু আজ বাঙালির কাছে স্বমহিমায় উদ্ভাসিত। তার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে বিশ্ব নেতারা আজ সাড়া দিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হলে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও স্মরণ করতে হবে। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা ছাড়া বাস্তবায়ন সম্ভব ছিলো না। তিনি ধ্বংসস্তুপের উপর সৃষ্টির পতাকা উড়ান। তার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।