বরিশালে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

রূপালী ডেস্ক॥
বরিশালে ইউনিয়ন পরিষদ নিবার্চন ২০২১ এর প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় বরিশাল আঞ্চলিক নিবার্চন কর্মকর্তার সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন- বরিশাল আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

বরিশাল সদর উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্চন অফিসার মো. আবদুল মান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বরিশাল সিনিয়র জেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, বরিশাল সদর উপজেলা সহকারী প্রোগ্রামার ও রিটার্নিং অফিসার চৌধুরী মোহাম্মদ শওকত হোসেন। প্রথম ধাপে বরিশাল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার শেষ হয়েছে বুধবার। আজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

আওয়ামী লীগসহ অন্যান্য দলের প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিলেও দলগতভাবে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, আগামী ১১ এপ্রিল ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বরিশাল সদর উপজেলায় ৪টি ইউনিয়নে, বাকেরগঞ্জে ১১টি, বাবুগঞ্জে ৪টি, বানারীপাড়ায় ৭টি, উজিরপুরে ৫টি, গৌরনদীতে ৭টি, মুলাদীতে ৬টি, হিজলায় ৪টি এবং মেহেন্দিগঞ্জে ২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

৫০টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার চরবাড়িয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর, মুলাদীর গাছুয়া এবং গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।