অভিষেকের আগেই স্বপ্নভঙ্গ পাকিস্তানি তারকার

স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার কথা ছিল পাকিস্তানের ২৫ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিলের। কিন্তু অভিষেকের আগেই স্বপ্নভঙ্গ হয়ে গেল এ পাকিস্তানি তারকার। পায়ের ইনজুরিতে ছিটকে গেছেন দল থেকে।

আগামী মাসে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পরে মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সৌদ। কিন্তু পায়ের পেশিতে গ্রেড-১ চিড় ধরা পড়ায় ওয়ানডে দল থেকে বাদ পড়ে গেছেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে তার।

সৌদের পরিবর্তে ওয়ানডে সিরিজের দলে নেয়া হয়েছে আসিফ আলিকে। এখন ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সৌদ শাকিল। তিনি যেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য প্রস্তুত হতে পারেন, তাই সেই স্কোয়াডে কোনো পরিবর্তিত খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আসিফ আলি আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেটি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন। এবার সৌদের ইনজুরিতে ওয়ানডে দলেও ঢুকে গেলেন। ২০১৮ সালে ওয়ানডে অভিশেকের পর থেকে কখনওই দলে জায়গা পাকা করার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। এছাড়া সম্প্রতি কুড়ি ওভারের ক্রিকেটেও খুব একটা আশা জাগানিয়া ফর্মে নেই তিনি।

শুক্রবার সকালে পাকিস্তানের ৩৪ সদস্যের বহর একটি চাটার্ড ফ্লাইটে করে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবে। যেখানে ২১ খেলোয়াড়ের সঙ্গে রয়েছেন ১৩ জন অফিসিয়ালস। দক্ষিণ আফ্রিকায় আগামী ২ এপ্রিল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।

পরে ১০ এপ্রিল থেকে শুরু হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে দেশে ফিরে যাবে পাকিস্তান ক্রিকেট দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের পরিবর্তিত ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, ফাখর জামান, আবদুল্লাহ শফিক, হায়দার আলি, দানিশ আজিজ, আসিফ আলি, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, হাসান আলি।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলি, আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, সৌদ শাকিল, আঘা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, তাবিশ খান, হাসান আলি, শাহনেওয়াজ ধানি, নোমান আলি, জাহিদ মাহমুদ, সাজিদ খান।