মুম্বাইয়ে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত-৬

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটিতে ৭০ জনের বেশি রোগী ছিলেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) মধ্যরাতে অগ্নিকাণ্ডের পর তাদেরকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। তার মধ্যে কোভিড চিকিৎসারই হাসপাতালে এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে।

স্থানীয় কর্মকর্তারা জানান, একটি শপিং মলের তৃতীয় তলায় বেসরকারি হাসপাতালটি ছিল। তাৎক্ষণিকভাবে করোনা রোগীদের কারও মৃত্যু হয়েছে কিনা জানা যায়নি।

আগুন লাগে শপিং মলেই। তার পরেই তা ছড়িয়ে পড়ে উপরের হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন আসে। কয়েক ঘণ্টা ধরে লড়াই চলার পরে নিয়ন্ত্রণে আসে আগুন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৭৬ জন রোগী ভর্তি ছিলেন। সাতজন রোগী ভেন্টিলেটারে ছিলেন।

মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) প্রশান্ত কদম জানান, রাত্র সাড়ে বারোটা নাগাদ প্রথমে শপিং মলের দ্বিতীয় তলায় আগুন লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে।

মেয়র কিশোরী পেডনেকর বলেন, শপিং মলের উপরে হাসপাতাল তৈরি করার কথা নয়। এটি বেআইনি। বিষয়টি খতিয়ে দেখা হবে। কী করে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে।