নোয়াখালীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলা

মোঃইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর মাইজদী প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় বিটন রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ক্ষিপ্ত নিহত রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় হাসপাতালের মালিক পক্ষের লোকজন। রবিবার (২৮ মার্চ) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মৃত বিটন রহমান জেলার কবিরহাট উপজেলার নতুন সাহাজিরহাটের উত্তমপুর লামছি গ্রামের মফিজ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার বিকাল ৫টার দিকে মেরুদণ্ড অপারেশনের জন্য বিটন রহমানকে প্রাইম হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যান চিকিৎসক। প্রায় তিন ঘণ্টা অপারেশন হয়েছে বলে জানায় হাসপাতালের লোকজন। রাত ১২টার দিকে হাসপাতালের কর্মচারীরা জানায়, এখনো বিটনের জ্ঞান ফিরেনি। এরপর রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বিটন মারা গেছে বলে জানায় তারা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সকালে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর লোকজন।

নিহতের ভাই জহির উদ্দিন অভিযোগ করে বলেন, চিকিৎসকের ভুল অপারেশনের কারণে আমার ভাই বিটন মারা গেছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।

এদিকে, রবিবার দুপুরে এ ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় প্রাইম হাসপাতালের মালিক পক্ষের লোকজন ও তাদের পেটুয়া বাহিনী। হামলায় কলকাতা টিভি প্রতিনিধি শরীফ খান, নিউজ পোর্টাল ঢাকা পোস্ট প্রতিনিধি হাসিব আল আমিন ও বাংলা চ্যানেলের প্রতিনিধি ইসমাইল হোসেন আহত হয়। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ভাঙচুর করে।

সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, যখন হাসপাতালের ও রোগীর লোকজন বাক-বির্তকে জড়িয়ে পড়ে তখন চিত্রধারণ করতে গেলে হাসপাতালের লোকজন আমাদের ওপর চড়াও হয়। তারা আমাদের মারধর, মোবাইল, ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।হাপাতালের এজিএম (ফিন্যান্স অ্যান্ড এডমিন) শিপন সেন সাংবাদিকদের কাছে রোগীর অনাকাঙ্খিত মৃত্যুর বিষয়ে দুঃখ প্রকাশ করেন। একই সাথে সাংবাদিকদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় ক্ষমাও চান।

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, রোগীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।