পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, চট্টগ্রামে রণক্ষেত্র

অনলাইন ডেস্ক।।
বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে নগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বিএনপির ১৫ নেতাকর্মী গুলিবিদ্ধ এবং অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির। আজ সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে রাস্তায় টেবিলে ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান, বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসতে চাইলে পুলিশ বাধা দেয় এবং নেতাকর্মীদের লক্ষ করে গুলি ছুড়ে। পুলিশের হামলায় ১৫জন নেতাকর্মী গুলিবিদ্ধ এবং অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে হামলা-সংঘর্ষে নিহতের ঘটনার প্রতিবাদে সোম ও মঙ্গলবার (২৯ ও ৩০ মার্চ) দুদিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় বিএনপি।