মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল দ্রুত সময়ে

অনলাইন ডেস্ক।।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া রাজধানীসহ সারাদেশে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে (১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্র) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিল।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব জানান, করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাদের নির্দেশনা অনুসারে পরীক্ষার্থী প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও মাস্ক পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি নিজেও ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সুন্দর ব্যবস্থাপনায় পরীক্ষা গ্রহণ করতে দেখেছেন বলে জানান।

কবে নাগাদ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, জানতে চাইলে সুনির্দিষ্ট দিনক্ষণ না বললেও দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।