তজুমদ্দিনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ প্রার্থীসহ আহত ২৫

তজুমদ্দিন প্রতিনিধি, ভোলা॥
ভোলার তজুমদ্দিনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একপ্রার্থীসহ উভয় গ্রুপের ২৫ জন আহত হয়েছে। আহতদের ১২ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাইদ মাঝি জানান, শনিবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটা চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী কবির গাইনের সমর্থকরা অপর প্রার্থী মিজান পোদ্দারের সমর্থক নুরে আলম মাঝিকে মারপিট করে। এ সময় নুরে আলম মাঝিকে মারপিটের ঘটনাটি তার শালা সাইদ মাঝিকে জানালে তিনি ঘটনা জানতে ১নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় গাইন বাড়ির দরজায় আসলে প্রার্থী কবির গাইনসহ তার আত্মীয়-স্বজন ও সমর্থকরা মিলে সাইদের উপর হামলা চালায়। মারপিটের ঘটনাটি বিকাল ৫টায় প্রার্থী মিজান পোদ্দারকে জানালে মিজান পোদ্দার তার কর্মি সমর্থকসহ সেখানে গেলে পুনরায় সংঘর্ষ বাজে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপে প্রার্থী মিজান পোদ্দারসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়।