বরিশালে ইটবোঝাই ট্রলির ধাক্কায় মাদরাসা সুপারসহ নিহত ২

অনলাইন ডেস্ক।।
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া এলাকায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় মাদরাসা সুপারসহ দুইজন নিহত হয়েছেন। এতে এক মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।

বুধবার (০৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল-বাউফল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর কেরামতিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল জলিল (৫৫) ও তাকে বহনকারী ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. আলাউদ্দিন (২০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন টুমচর কেরামতিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দিন।

বরিশাল বন্দর থানার (সাহেবেরহাট) পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন জানান, মাদরাসা সুপার আব্দুল জলিল ও সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মাদরাসা থেকে বরিশালের দিকে আসছিলেন।

মোটরসাইকেলের চালক ছিলেন মো. আলাউদ্দিন। ভেদুরিয়া সংলগ্ন বরিশাল-বাউফল রুটে নতুন সড়ক নির্মাণ কাজ চলছে।

ওই এলাকা অতিক্রমের সময় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত ইট বহনকারী একটি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ৩ জন। এতে ঘটনাস্থলেই নিহত হন মাদরাসা সুপার আব্দুল জলিল। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক মো. আলাউদ্দিন মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।