গৌরনদী শশুরের ওপর মাদকাসক্ত মেয়ে জামাতার নৃশংস হামলা

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
মাদকাসক্ত স্বামীকে ডিভোর্স দেয়ায় ক্ষিপ্ত হয়ে ভ্যান চালক শশুরকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা চেষ্টা ঘটনার বর্ননা দিয়েছেন রিপন মৃধা নামের গুরুতর আহত ভ্যান চালক।

শেবাচিম ও ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা থাকার পর বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের বাড়ীতে শয্যাসায়ী অবস্থায় তার উপর হামলার ঘটনার বর্ননা দেন তিনি (রিপন)।

আহত ভ্যান চালকের কন্যা সাথী আক্তার জানান, গত তিন বছর পূর্বে বাবুগঞ্জ উপজেলার চাদপাশা কিসমত এলাকার শাজাহান হাওলাদারের পুত্র আল আমিন হোসেনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পরপরই সে (সাথী) জানতে পারেন তার স্বামী আল আমিন মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। গত তিন মাস পূর্বে আল আমিনকে ডিভোর্স দেয় সাথী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আল আমিন তার (সাথী) ভ্যান চালক পিতাকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাতের আধারে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এঘটনায় মামলা দায়ের করা হলে মামলা উত্তোলনের জন্য অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছে আল আমিন।

গুরুতর আহত ভ্যান চালক রিপন মৃধা জানান, গত ২৩ ফেব্রুয়ারী রাতে মাহিলাড়া বাজার থেকে আগৈলঝাড়া নিমতলা যাওয়ার জন্য তার ভ্যানে অপরিচিত দুইজন যাত্রী উঠে। পথিমধ্যে সেরাল গ্রামের নির্জন রাস্তায় তার নাম জিজ্ঞেস করে যাত্রীরা। সে তার নাম রিপন মৃধা বলা মাত্রই তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে ওই যাত্রীরা। এসময় তার মেয়ে জামাই আল আমিন মোটরসাইকেল নিয়ে নিকটেই অবস্থান করছিলো। পরবর্তীতে তার ডাকচিৎকালে এলাকাবাসী এগিয়ে আসলে ঘাতক মেয়ে জামাই আল আমিন হামলাকারীদের নিয়ে পালিয়ে যায়। তিনি মেয়ে জামাই আল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

শরিফাবাদ গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মোঃ মিন্টু শিকদার জানান, এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগির পরিবার। কিন্তু তদারকির অভাবে আসামী গ্রেফতার হচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আহত হয়ে দীর্ঘদিন যাবত শয্যাসায়ী হওয়ায় মানবেতর জীপনযাপন করছে পরিবারটি।