বাবার কাটা গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক।।
লক্ষ্মীপুরের রায়পুরে বাবার কাটা গাছের ডাল মাথায় পড়ে তাওসিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরপাতা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রামের হাসমত উল্যা চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু একই এলাকার দিনমজুর বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসরের নামাজের পর নিহত শিশুটিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে শিশুটির পিতা বিল্লাল হোসেন নিজ বাড়িতে গাছ কাটছিলেন। শিশু তাওসিন বাবার খোঁজে বসতঘর থেকে দৌড়ে দিয়ে গাছের নিচে যায়। এ সময় গাছের একটি ডাল শিশুর মাথায় পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরের চরপাতা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, ঘটনাটি শুনে খুবই মর্মাহত হয়েছি। পরিবারের সঙ্গে আমিও শোকাহত।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনাটি বেদনাদায়ক। স্বজন ও জনপ্রতিনিধির সুপারিশে শিশুটির লাশ দাফন করতে বলা হয়েছে।