ফিরে যাও

ফিরে যাও
-মাহফুজা রিনা

আচ্ছা! আমায় দেখে কি দয়া হয় তোমার?
তাই কি আমায় কষ্ট দিতে চাও না?
অনির্বাণ!

থাক, এগিয়ো না আর,
আমাকে আমার মতো থাকতে দাও একা।
তোমার ঐ দয়ার ভার আমি আর নিতে পারছি না,
তোমার দয়ার ঋণ থেকে বাঁচাও আমাকে, বাঁচাও।
অনির্বাণ!

ফিরে যাও তুমি, যেখানে তোমার অস্তিত্ব, তোমার শিকড়, শাখা-প্রশাখা।
আমাকে একা দেখে যেখান থেকে এসেছিলে, ভালবেসে যে ভুল করেছিলে, ফিরে যাও সেখানে।
কে চেয়েছিল, কে চেয়েছিল তোমার ঐ দয়ার প্রেম?
নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও তোমার ঐ দয়ার প্রেম।
তোমার ঐ করুণ দৃষ্টি অনেক মেরেছে আমাকে।
একদিন এক চৈত্রের দুপুরে কষ্টের ডালি নিয়ে তুমি এসেছিলে, কিন্তু কেন, কেন এসেছিলে?
অত কষ্টের মূল্য কি আমি দিতে পারি?
দিতে পেরেছি কি তোমাকে এতটুকু শান্তি?
সত্যি বলছি, পারিনি।
অনির্বাণ!

যাও, তাকিয়ো না ফিরে আর এদিক পানে।
আমিও কেঁদেছি অনেক, ফেটে গেছে বুক,
তোমার করুণার অমিয় জলে জোড়া লাগবে না তা।
যাও তুমি, যেখানে তোমার শান্তির ছায়া।
আমি যে অতি নগণ্য পথিক,
আমার মাঝে শান্তি পাবে না সে তো জানোই।
ভালোই হলো, ভাঙলো এ খেলাঘর, নয়তো তোমার জীবনটাই নষ্ট হতো ও বেলা।
দেখলে তো আমার চরম অপারগতা।
স্বার্থপর ছিলাম আমি, চেয়েছিলাম তোমায়,
এই পৃথিবীর মাঝে একমাত্র তোমায় চেয়েছি,
আর কিছু নয়।

আমার এই স্বার্থপরতা হেরেছে আজ, কি ভীষণভাবে হেরে গেছে।