রিয়ালের কাছে হেরে টানেলেই রেফারির সঙ্গে ঝগড়া বার্সা কোচের

স্পোর্টস ডেস্ক।।
মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো সব সময়ই হয়ে দাঁড়ায় শিরোপা নির্ধারণী। যদিও এবার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। কারণ, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কেই শীর্ষে ছিল না। অ্যাটলেটিকো মাদ্রিদ ছিল শীর্ষে। তবে এল ক্লাসিকোয় বার্সাকে ২-১ গোলে হারিয়ে রিয়াল শীর্ষে উঠে গেছে।

বার্সাকে স্বভাবতই রিয়াল কোচ জিনেদিন জিদানকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ফুটবল বিশ্ব; কিন্তু এই এল ক্লাসিকোর পরই রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান।

ম্যাচে নায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে বার্সেলোনাকে। শুধু তাই নয়, অতিরিক্ত সময়েও অনেকটাই কম সময় খেলিয়েছেন রেফারি। এমনই অভিযোগ বার্সা কোচের। আর তা নিয়েই ম্যাচের পর টানেলে রেফারির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন কোম্যান।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিও। জানা গেছে, ম্যাচের পরই পেনাল্টি না দেওয়া নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান কোম্যান। একই কারণে রেফারির কাছে ক্ষোভ প্রকাশও করেন বার্সা ফুটবলার জেরার্ড পিকেও।

পুরো ম্যাচে দু’দলের দারুণ লড়াইয়ে সাক্ষী থেকেছিল ফুটবলবিশ্ব। তবে বেনজেমা এবং ক্রুসের গোলে বার্সাকে ২-১ গোলে হারান জিদানের ছেলেরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মার্টিন ব্রেথওয়েটকে বক্সের মধ্যে ফাউল করেন রিয়ালের মেন্ডি।

কোম্যানের দাবি, সেটি নায্য পেনাল্টি ছিল। যা থেকে বার্সেলোনাকে বঞ্চিত করেছেন রেফারি জেসাস গিল মানজানো। আর তাই ম্যাচের পরই কোম্যান এবং পিকে রেফারিকে ঘিরে বিক্ষোভ দেখান।

এমনকি কটূ কথা বলেন বলেও অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত রিয়াল খেলোয়াড়রাই তাদের নিরস্ত্র করেন। যা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। এদিকে, এই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। এর ফলে শেষ সাতটি এল ক্লাসিকোতে গোল করতে পারলেন না বার্সা রাজপুত্র।