আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্টে অভিযান ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আগৈলঝাড়া প্রতিনিধি।।
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় বরিশালের আগৈলঝাড়ায় জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় সরকার কর্তৃক ঘোষিত “লক ডাউন” বাস্তবায়নসহ করোনাভাইরাস এর বিস্তার রোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার রত্নপুর বাজার, গৈলা বাজার, দাসেরহাট, রথখোলা, পয়সারহাট বাজার, কালুরপাড়,কান্দিরপার, জোবারপাড়, বড় মগড়া, আগৈলঝাড়া বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম জানান মোবাইল কোর্ট পরিচালনার সময় বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয় এবং আরো বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ছয়টি প্রতিষ্ঠানকে ১৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানে পেশকার সোহেল আমিন, আগৈলঝাড়া থানার পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।