চাঁদার দাবিতে গলাচিপায় বাড়িঘরে হামলা ভাংচুর

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপায় দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় সপ্তাহের ব্যবধানে দুইবার হাদী গাজীর ঘর ভাংচুর করা হয়েছে। চাঁদা না দিলে বাড়িঘর থেকে উচ্ছেদ করার হুমকি দেয় হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বুধবার (২১ এপ্রিল) রাতে। এ ঘটনায় হাদী গাজী বাদী হয়ে ১১জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্র ও এলাকাবাসী জানায়, শান্তিবাগ এলাকায় ২০১২ সালে ফিরোজ তালুকদার গংদের কাছ থেকে ৯শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছে। এর মধ্যে কয়েকবার রিয়াজ মোল্লা, রিমেল মোল্লা ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ঘর কুপিয়ে ও ভাংচুর করে হাদী গাজীকে উচ্ছে করার হুমকি দেয়া হয় বলে হাদী গাজী অভিযোগ করেন।
তবে এর আগেও গলাচিপা থানায় অভিযোগ করা হলেও কোন প্রতিকার না মেলায় বারবার হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন হাদি গাজী।

এদিকে অভিযুক্ত রিয়াজ মোল্লা জানান, কোন চাঁদা দাবি করা হয়নি। জমিজমা নিয়ে বিরোধের জেরে ঝগড়াঝাটি হয়েছে।
এ ব্যপারে গলাচিপা থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।