ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়া মোতালেব আর বেঁচে নেই

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে উচুঁ গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়া দিনমজুর মোতালেব হোসেন আর বেঁচে নেই। শনিবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। গত শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বালিপাড়া গ্রামের একটি বাড়িতে গাছ কাটতে উঠে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা বেগম প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বালিপাড়া গ্রামের শাহাদাত হোসেনের বাড়িতে একটি চম্বল গাছ কাটার জন্য নিজের শরীরের সাথে দঁড়ি বেঁধে গাছ কাটতে শুরু করেন। এ সময় নিজের অসাবধানতায় কুঠারের কোপ দঁড়িতে লাগলে তিনি উচুঁ গাছ থেকে মাটিতে পড়ে যান। এতে তিনি হাত-পা, মাথা,কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ৫৫ থেকে ৬০ বছরের কাছাকাছি শারীরিক ভাবে অনেকটা কাবু এ লোকটি অর্থাভাবে বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করতেন। তার এমন দুর্ঘটনা জনিত মৃত্যুতে এলাকার অনেকই দু:খ প্রকাশ করেছেন।