কাউখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর॥
পিরোজপুরের কাউখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে মরিয়ম খানম সেলিনা (২৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

রবিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সেলিনা সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী গ্রামের অহিদুল ইসলাম মাঝীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দু’ সন্তানের জননী মরিয়ম খানম ওরফে সেলিনার সাথে দীর্ঘদিন ধরে স্বামী অহিদুল মাঝীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এ নিয়ে রবিবার ভোরে সবার অজান্তে বিষপান করেন সেলিনা। পরে পরিবারের লোকজন টের পেয়ে সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।

কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সেলিনা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।