এক ওভারে ৩৭ রান নিয়ে গেইলের রেকর্ডে ভাগ বসালেন জাদেজা

স্পোর্টস ডেস্ক।।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ওভারে ৩৭ রান নিয়ে ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসালেন রবিন্দ্র জাদেজা। রোববার (২৫ এপ্রিল) বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান চেন্নাইয়ের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।ভারতীয় পেসার হর্শাল প্যাটেলকে তুলোধুনো করে ছাড়েন রবিন্দ্র জাদেজা।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান জাদেজা। ফুলটস দেয়া হর্শালের দ্বিতীয় বলেও ছক্কা হাঁকান চেন্নাইয়ের এ তারকা ব্যাটসম্যান।

তৃতীয় বলে আবার মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা। ছয় রানের সঙ্গে নো বলের সুবাদে ফ্রি হিটেও মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান জাদেজা।

চতুর্থ বলে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়েও ফিল্ডার ক্যাস মিস করায় বেঁচে যান জাদেজা, নেন দুই রান। পঞ্চম বলে ফের ছক্কা। অল্পের জন্য শেষ বলে ছক্কা হয়নি। চারে পরিনত হয়। পাঁচ ছক্কা, এক চার আর ডাবল রান মিলে ৩৭ রান নেন জাদেজা।

জাদেজার আগে ২০১১ সালের আইপিএলে কোচি টাস্কার্সের বাঁহাতি পেসার প্রশান্ত পরমেশ্বরনকে তুলোধুনে করে ৩৭ রান আদায় করে নেন ক্রিস গেইল।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও দুর্দান্ত রবিন্দ্র জাদেজা। বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। জাদেজার অলরাউন্ড নৈপূণ্যে বেঙ্গালুরুর বিপক্ষে ১৯১ রান করে ৬৯ রানের জয় পায় চেন্নাই।