বৃদ্ধ ভিক্ষুককে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক।।
নেত্রকোনার একটি গ্রামে ভিক্ষা করতে গিয়ে আধা বস্তা ধান চুরির অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ ভিক্ষুক। পরে পুলিশ নির্যাতনকারীকে আটক করেছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে ভিক্ষুক নির্যাতনের এ ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার ওই ভিক্ষুকের নাম আবদুল বারেক। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বাঁশের খুঁটিতে বেঁধে বৃদ্ধ ওই ভিক্ষুককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, তাকে নির্মমভাবে প্রহার করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জানা গেছে, বোরো ধান কেটে ঘরে তোলার মৌসুমে প্রতিবছরই হাওরাঞ্চল মদন উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতে (ধান সংগ্রহ) আসেন ভিক্ষুক আবদুল বারেক। বুধবার তিনি উপজেলার গোবিন্দশ্রী গ্রামে ভিক্ষা করছিলেন। বিকেলে গোবিন্দশ্রী গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুদ মিয়ার বাড়িতে অবস্থান করার সময় ওই বাড়ির লোকজন তাদের বাড়ি থেকে আধা বস্তা ধান চুরির অভিযোগ তোলেন আবদুল বারেকের ওপর।

এ সময় আবদুল বারেক তা অস্বীকার করলে মাসুদ মিয়া তাকে বাঁশের খুঁটিতে বেঁধে রেখে ঘণ্টাব্যাপী অমানবিক নির্যাতন করেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সঙ্গে কথা হলে তিনি বলেন, বৃদ্ধ ভিক্ষুক আবদুল বারেককে নির্যাতনকারী মাসুদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা পোস্ট এর সৌজন্যে দেখুন ভিডিও:

https://youtu.be/F8hQTix-xl8?t=6