নিজে সুযোগ পান না ফারিয়া, দিচ্ছেন অন্যদের সুযোগ

বিনোদন ডেস্ক।।
নিশো, অপূর্বর মতো নাটকের জনপ্রিয় অভিনেতাদের মেহজাবিনের সঙ্গেই মূলত কাজ করতে দেখা যায় বেশি। মাঝে তানজিন তিশাকে তাদের বিপরীতে বেশি দেখা গেলেও এখন কমেছে। সেখানে নতুন করে এসেছে সাবিলা নূর। তাই নাটকে ঘুরেফিরে এই চার-পাঁচজন তারকারাই জুটি হয়ে কাজ করতে দেখেন দর্শকরা। নতুন কোনো অভিনেত্রীকে নিয়ে তাদের কাজ চোখে পড়ে না।

নাটক পাড়ায় তাই জোর গুঞ্জন, বাংলা নাটক এখন সিন্ডিকেট নির্ভর। হাতেগোনা কয়েকজন পরিচালক এবং পছন্দের অভিনেতা-অভিনেত্রীর বাইরে অভিনয় করেন না এমন অভিযোগ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘ঠিক করেছি নতুন, একদমই পরিচিত নন, এ রকম নায়কদের সঙ্গে কাজ করব। ওদের প্রমোট করব। যদি আমাকে চারজনও চেনে, তাদের হয়তো একজন চিনবে আমার মাধ্যমে। ওরা এভাবেই এক-দুজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে।’

ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি অনেক ছোট নায়িকা। বড় নায়কেরা আমার সঙ্গে কাজ করেন না, বড় নায়িকাদের সঙ্গে করেন; কী কী জানি এখন শুনি, সিন্ডিকেট না কি যেন। তাই নগণ্য নায়িকা আমি নতুন ছেলেদের সঙ্গে কাজ করব। সিদ্ধান্ত ফাইনাল।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৭ সালে প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় তিনি।