শিমুলিয়ায় আজও মানুষের ঢল

অনলাইন ডেস্ক।।
ঝুঁকি নিয়েই ঈদে ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিকল্প বাহনে যাচ্ছেন গন্তব্যে। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে দলে দলে মানুষ যাচ্ছে ঘাট পর্যন্ত। নিষেধাজ্ঞা সত্ত্বেও রোববার (০৯ মে) ভোর থেকে নদী পারাপারের জন্য ঘাট এলাকায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার যাত্রী। তবে আজ পাটুরিয়ার চেয়ে শিমুলিয়া ঘাটে মানুষের চাপ অনেক বেশি।

শিমুলিয়ায় ফেরি বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তাছাড়া পদে পদে বিপত্তি, বেশি ভাড়া আর ফেরি বন্ধ জেনেও যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি। ঘাটে প্রবেশপথের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হলেও ৪-৫ কিলোমিটার পথ হেঁটে হেঁটে যাত্রীরা ঘাটে আসছেন।

মানুষের ঢল ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতায়, শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে মোতায়েন রয়েছে বিজিবি। রোববার সকাল থেকে বিজিবি সদস্যরা ঘাটের প্রবেশমুখে টহল দিয়ে ঘাটে যাত্রী ও যানবাহন প্রবেশ রোধ করে ফেরত পাঠাচ্ছেন। বিজিবির পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।