যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত-৬

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি শহরে স্থানীয় সময় রোববার (০৯ মে) এক জন্মদিনের উৎসবে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছে। হত্যাকাণ্ডের পর বন্দুকধারী আত্মহত্যা করে বলে পুলিশের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

হামলাকারী নিহতদের মধ্যে একজনের প্রেমিক বলে নিশ্চিত করে মার্কিন পুলিশ কর্তৃপক্ষ জানায়, হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে বন্দুকধারীসহ ছয়জনের লাশ উদ্ধার ছাড়াও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই হামলার কারণ তৎক্ষণাৎ জানতে পারেনি পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। নিহতেরা সবাই প্রাপ্তবয়স্ক। তবে ঘটনাস্থলে শিশুরাও ছিল। নিহত কিংবা হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

এরআগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার ৭ নম্বর অ্যাভিনিউ ও ৪৪ নম্বর সড়কের সংযোগস্থলে স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুটির বয়স চার বছর। বাকি দুজন নারীর বয়স যথাক্রমে ৪৬ ও ২৩।

এনওয়াইপিডির পুলিশ কমিশনার ডেরমট শেয়া স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেন, আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যথেষ্ঠ ভালো আছেন। আহত ৩ জনই পথচারী। কথাকাটাকাটির একপর্যায়ে হয়তো এই গোলাগুলির ঘটনা ঘটেছে।