‘কোন পুলিশ সদস্য অপরাধে জড়িত থাকলে তথ্য দিন’

রূপালী বার্তা॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান বলেছেন, আপনারা এলাকার সকল সমস্যা সম্পর্কে বিট অফিসারকে তথ্যদিয়ে সহযোগিতা করুন। কোন পুলিশ সদস্য অপরাধের সাথে জড়িত থাকলে তার বিষয়েও তথ্য দিন। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

সোমবার (১০ মে) বেলা ১২ টায় এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপ-পুলিশ কমিশনার বলেন, ওপেন হাউজ ডে’র মাধ্যমে পুলিশ ও জনগনের মধ্যে অনেক দূরত্ব কমে এসেছে এবং পুলিশের সাথে জনগনের সু-সম্পর্ক তৈরী হচ্ছে। এলাকার নিম্ন শ্রেনীর মানুষ থেকে উচ্চ শ্রেনীর মানুষ সবাই এখানে আসবেন, আমরা আপনাদের কথা শুনবো। আপনারা এলাকার মাদকসেবী, খারাপ কাজের সাথে যুক্ত এমন লোকের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা অপরাধ মুক্ত সমাজ বিনির্মানে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আপনার প্রতিবেশীকে ভাল রাখার জন্য তথ্য দিয়ে আমাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করুন। যাতে সমাজে অপরাধ দানা বাঁধার আগেই তা নির্মুল করতে পারি।

তিনি বলেন, বর্তমানে দেশে করোনা মহামারি চলছে। করোনার প্রকোপ যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য স্বাস্থবিধি মেনে মাস্ক পরুন। মাস্ক পরার বিষয়ে নিজে সচেতন হোন এবং অপরকে সচেতন করে তুলুন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা বলেন, ওপেন হাউজ ডে অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ছোট খাট সমস্যা সমাধান করে দেয়া হচ্ছে। পুলিশ আপনাদের সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত আছে। আপনারা এলাকার সকল সমস্যা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে আছি।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাহ মোঃ ফয়সাল,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক অপারেশন বিপ্লব সিস্ত্রী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও এয়ারপোর্ট থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।