‘‘সমস্ত সাংবাদিকদের চ্যালেঞ্জ, আমার একটা ‘চুল’ ছিড়ে দেখাও’’

বিনোদন ডেস্ক।।
সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টে সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কণ্ঠশিল্পী নোবেল।সোমবার ( ১৭ মে) বেকেলে নিজের ভেরিফেইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন ‘‘পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ! আমার একটা ‘চুল’ ছিড়ে দেখাও! প্লিজ, অনেক দিন ‘চুল’ কাটি নাই।’’

এই পোস্টের আগে আরেক পোস্টে নোবেল লিখেছেন, ‘আমি গায়ক! গান গেয়ে জীবিকা নির্বাহ করি। নকল ভদ্রতা বিক্রি করে নয়। জ্বী! জন্মগত ভাবে আমি বেয়াদব!’
নোবেলের ফেসবুক থেকে নেয়া

 

এদিকে রোববার (১৬ মে) রাতে সময় টিভির প্রতিবেদককে হুমকি দেয়ায় কলাবাগান থানায় জিডি করেছে সংবাদ মাধ্যমটি।

জিডির কপিতে উল্লেখ করা হয়েছে, ভারতের জি বাংলার রিয়েলিটি শো থেকে আলোচনায় আসে মাঈনুল আহসান নোবেল। পরিচিতি পাওয়ার পর একাধিক বিতর্কের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের জাতীয় সংগীত, দেশের স্বনামধন্য সংগীতশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় নিজের ভেরিফাইড ফেসবুকে (Noble Man) আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন।

সম্প্রতি নগরবাউল জেমস, জনপ্রিয় সুরকার ইথুন বাবু এবং সংগীতশিল্পী তাপসকে নিয়েও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন। সবশেষ নোবেল তার ফেসুবকে নিজের মৃত্যু তারিখ ঘোষণা করে স্ট্যাটাস দেন। পেশাগত দায়িত্ব হিসেবে সময় টিভির নিজস্ব প্রতিবেদক আল কাছির বিষয়টি নিয়ে নোবেলের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেন।

রোববার (১৭ মে) দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে নোবেলের ব্যক্তিগত নাম্বারে ফোন করেন তিনি। পরিচয় পাওয়ার পর নোবেল অকথ্য ভাষায় গালাগালি করে ফোন কেটে দেন। তারপর ১২টা ৪৮ মিনিটে নোবেল নিজেই প্রতিবেদক আল কাছিরকে ফোন করে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করেন এবং তাকে জেলে নেয়ার হুমকি প্রদান করেন।

শুধু তাই নয়, নোবেল সময় টেলিভিশনকে নিয়েও আপত্তিকর, কৃরুচিপূর্ণ এবং অশ্লীল ভাষায় গালাগালি করেন। এ সময় তিনি প্রথম আলো, চ্যানেল ২৪ সহ দশ সাংবাদিককে জেলে নেয়ার হুমকিও দেন।

হুমকি প্রদান করে তিনি বলেন, ‘নোবেল কে তুই চিনিস? নোবেল কী শিল্পী? নোবেল কিন্তু ক্যাডার’। ফোনে নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চপর্যায়ের কর্মকর্তার আপন শালা বলে উল্লেখ করেন নোবেল। শুধু তাই নয়, সরকারের একটি গোয়েন্দা সংস্থা দিয়ে প্রতিবেদককে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকি প্রদান করেন।

কলাবাগান থানার ওসি জিডির তদন্তভার দিয়েছেন এসআই রাহুল অনিককে।