সেনবাগে প্রতিপক্ষের হামলায় আহত বাবলুর মৃত্যু

মোঃইব্রাহিম, নোয়াখালী ।।
নোয়াখালীর সেনবাগে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত নুরুল হুদা প্রকাশ বাবলু (৩০) মারা গেছে। শনিবার (২২ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা। এর আগে বুধবার (১৯ মে) উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের আলী মিয়া রাজের বাড়িতে ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদিঘী রাস্তার মাথা এলাকার আলী মিয়া রাজের বাড়ির মোশারফ হোসেনের সঙ্গে একই বাড়ির আবদুর রবের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকালে আবদুল রবের নাতী অন্তর শরিয়ত উল্লাহ বতসঘরের পিছনে থাকা তার দখলীয় জায়গায় থাকা জামরুলের গাছ থেকে ফল পাড়া শুরু করলে নুরুল হুদা বাবলুসহ পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এ সময় একই বাড়ির জামাল উদ্দিন সুমন, নুর নবীর নেতৃত্বে কামাল হোসেন ও অন্তরসহ একদল লোক দেশিয় অস্ত্র নিয়ে নুরুল হুদা বাবলু, মজিনা আক্তার, কমলা বেগম ও নাসিমা আক্তারসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে বাবলুর অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নুরুল হুদা বাবলু মারা যায়।

এ ঘটনায় সেনবাগ থানায় বৃহস্পতিবার (২০ মে) মোশারফ হোসেন বাদি হয়ে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পরে তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।