সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

গণমাধ্যম ডেস্ক।।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য সাংবাদিক, কবি জান্নাতুল ফেরদৌস পান্না গুরুতর অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের নারী ওয়ার্ডের ১০৯ নম্বর কক্ষে রাখা হয়েছে তাকে।

জানা যায়, ইনফেকশনের কারণে পান্নার পাকস্থলী ফুলে গেছে। সাংবাদিকদের অতি প্রিয়মুখ জান্নাতুল ফেরদৌস পান্না সহকর্মীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, শুক্রবার (২১ মে) বিকেলে সাংবাদিক পান্নাকে হাসপাতালে দেখতে যান ডিআরইউ, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অসংখ্য সহকর্মী।

জান্নাতুল ফেরদৌস পান্না দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

পেশাগত কাজের পাশাপাশি তিনি সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ডিআরইউতে ২০১৮ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাবেরও স্থায়ী সদস্য। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্ট রিপোর্টারদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক কার্যনির্বাহী সদস্য। এছাড়াও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন পান্না।