বেতাগীতে রাতের আঁধারে দোকানঘর নির্মান, পুলিশের বাধায় পন্ড

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে রাতের আঁধারে জমিসংক্রান্ত জটিলতার মধ্যে অবৈধভাবে দোকানঘর নির্মানের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) দিবাগত রাত ১ টায় উপজেলার জলিশাবাজারে এ দোকানঘরের নির্মানকাজ শুরু করা হয়। পরে স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী মাসুদ মৃধা বেতাগী থানায় অভিযোগ জানালে পুলিশের হস্তক্ষেপে নির্মানকাজ বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মাসুদ আলম মৃধা ২০১৯ সালে দক্ষিন হোসনাবাদ মৌজার ৩৩৯ খতিয়ানের ২৫৭৯ নং দাগে মোট ২ শতাংশ জমি ক্রয় করেন এবং ক্রয়সূত্রে ভোগদখল করে আসছে অপরদিকে স্থানীয় হারুন মিয়া ওই একই জমি ওয়ারিশ সূত্রে দাবি করে আসছেন। এ নিয়ে বেশ কিছুদিন যাবৎ জমি দখলে জটিলতা দেখা দেয়। স্থানীয় গণ্যমান্যরা সালিশী ব্যবস্থা করেও কোন সমাধান দিতে পারেন নি। এমনবস্থায় শনিবার রাতে স্থানীয় হারুন মিয়া তার লোকজন নিয়ে জমি দখলে করার উদ্দেশ্যে পাকা দোকানঘর নির্মানের কাজ শুরু করেন। পরে ভুক্তভোগীররা বাধা দিলে না শুনলে তারা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন এবং থানা পুলিশ কাজ বন্ধ বরে দেন।

এ ব্যাপারে ভুক্তভোগী মাসুদ মৃধা বলেন, ক্রয়সূত্রে ওই জমির মালিক আমি ভোগদখল করে আসছি। তারা যদি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয় তবে রাতের আঁধারে নির্মানকাজ করবে কেনো। রাজনৈতিক ক্ষমতার দাপটে তারা অবৈধভাবে রাতে নির্মানকাজ করেছেন।

অভিযুক্ত হারুন মিয়া বলেন, আমাদের এই জমিতে একযুগ থেকে আমরা ভোগদখলে আছি। রাতে নির্মানকাজ করার ব্যাপারে জানতে চাইলে বলেন দিনের বেলা যানজট থাকে তাই রাতে কাজ করেছি।

এ ব্যাপরে বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেয়ে সংঘাত এড়াতে দ্রুত পুলিশ পাঠিয়ে নির্মানকাজ বন্ধ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে দুইপক্ষের সংশ্লিষ্ট কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।