বেতাগীতে মায়ের কোল থেকে স্রোত ভাসিয়ে নিলো শিশু

বেতাগী প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে ভয়াবহ স্রোতের মুখে পড়ে মায়ের কোল থেকে ভেসে যায় তিন বছর বয়সের শিশু। ঘন্টা ব্যাপি খোঁজাখোজি শেষে এলাকাবাসী শিশুটিকে মৃত উদ্ধার করে। বুধবার (২৬ মে) বেলা ১১টায় ঘটনাটি ঘটে।

জানা যায়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে অতিরিক্ত স্রোতের চাপে সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিন কালিকাবাড়ি গ্রামের বিষখালি নদির প্রতিরক্ষা বাঁধটি ভেঙ্গে যায়। ফলে ওই গ্রামের বাসিন্দা মো. স্বপন মিয়া’র স্ত্রী তার ছেলে ইমামুল হোসেন (৩)কে নিয়ে প্বার্শবর্তি একটি আশ্রয়কেন্দ্রে রওয়ানা দেন। পথিমধ্যে স্রোতের মুখে পড়লে তার শিশু সন্তানটি স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। এছাড়া উপজেলার ঝোপখালী, লক্ষ্মীপুরা, মোকামিয়া, বদনীখালী এলাকার ৫ টি স্থানের বেড়িবাঁধ ভেংগে ২৩ টি গ্রাম পানিতে তলিয়ে যায়।

বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন ক্ষতিগ্রস্থ এলাকাসমূহ পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের জন্য আশ্বস্ত করেন। এ ছাড়া ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আসা ২ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।