ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাব: মঠবাড়িয়ায় লোকালয়ে হরিণ

মো: মনির আকন, মঠবাড়িয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে হরিণ দুটি দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ার ও জলোচ্ছাসের কারনে ভেসে আসে ওই হরিণ দুটি। পরে বগী ফরেস্ট স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমানের কাছে সকাল ১০টার দিকে হরিণ দুটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের পাশে বসবাসকারি জেলে শহিদুল ইসলাম খুব সকালে ঘুম থেকে উঠে তার নৌকার পানি সেচ করে ঘরে ফেরার পথে বেড়িবাঁধের পাশে ঝোপঝাড়ের ভিতর শব্দ পেয়ে দেখে একটি হরিণ। এ সময় সে তাড়া করলে দৌড়ে পূর্ব দিকের মাঠে পড়ে। পরে এলাকাবাসী বিশ্বাস বাড়ির সামনে থেকে হরিণটিকে উদ্ধার করে ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেপারীর বাড়িতে রাখেন। তার কিছু সময় পরে ওই একই এলাকায় আরেকটি হরিণ দেখতে পায়। এ সময় এলাকাবাসী তাড়া করলে পার্শবর্তী এলাকা গোলবুনিয়া গ্রামের আমতলা বাজারের উত্তর পার্শে মিলন ফরাজী বাড়ির সামনে থেকে অপর হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

বগী ফরেস্ট স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা (বন প্রহরী) হাবিবুর রহমান বলেন, উলুবাড়িয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী আ: হামিদ খান আমাকে মোবাইল ফোনে লোকালয়ে হরিণ উদ্ধারের কথা জানালে উত্তাল নদীর ঢেউ উপেক্ষা করেও ট্রলার নিয়ে ছুটে যাই। এবং এলাকাবাসীর উস্থিতিতে হরিণ দুটি গ্রহণ করি।

শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদিন বলেন, ঘূণিঝড় ইয়াসের প্রভাবে অতি জেয়ারের জলোচ্ছাসের কারনে হরিণ দুটি ভেসে আসছে বলে ধরনা করা হচ্ছে। উদ্ধারকৃত হরিণ দুটি সুন্দরবনে অবমুক্ত করা হবে জানান তিনি।